বন্দরের ঘনবসতিপূর্ণ আমিরাবাদ-বক্তারকান্দির ওপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন (৩৩ কেভি) বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন স্থাপনের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। লাইনটি মাটির নিচে (আন্ডারগ্রাউন্ড) স্থাপনের দাবিতে শুক্রবার ২৪নং ওয়ার্ড বন্দরের আমিরাবাদ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন। মো. শাহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন-আবদুল হামিদ, খাজা আহমেদ, আমির হোসেন, শামসুদ্দিন, ইব্রাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ঘনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে হাই ভোল্টেজ লাইন নেওয়ার সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, এই লাইন চালু হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।