পটুয়াখালী শহরে প্রবল বাতাস ও কয়েকদিনের টানা বৃষ্টিতে উপড়ে পড়া একটি চাম্বল গাছ বিদ্যুৎ ও সড়ক যোগাযোগে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। গাছটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির ওপর আছড়ে পড়ায় প্রায় তিন হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বি-টাইপ সড়কে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় সরকারি আবাসিক এলাকার একটি বাউন্ডারি ওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় বিশাল আকৃতির চাম্বল গাছটি উপড়ে পড়ে। গাছটি সড়কের ওপর এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির ওপর পড়ে থাকায় যান চলাচল ও বিদ্যুৎ সরবরাহ একসঙ্গে বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে অপসারণ করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কর্মীরা বিকল্প ফিডারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করেন। ওজোপাডিকোর উপসহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম খান বলেন, গাছ উপড়ে পড়ায় প্রায় তিন হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। দ্রুত বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।