রাজশাহী সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মালদহ জেলার সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি নতুন থানা ও তিনটি পুলিশ আউটপোস্ট তৈরির প্রস্তাব রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন অবস্থায় মালদহ সীমন্ত সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা ও সীমান্ত সংলগ্ন এলাকার স্থানীয় জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। 

জেলার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, রাজ্য সরকারকে দেওয়া প্রস্তাব অনুযায়ী সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে বর্তমানে চলমান তিনটি পুলিশ আউটপোস্টকে থানায় রূপান্তর করা হবে। জনবল আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। মূলত  মালদহ জেলার কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হবিবপুর থানার বুলবুলচন্ডী এই তিনটি আউটপোস্ট ও ফাঁড়িকে উন্নত করে নতুন থানা গড়ে তোলা হবে।

নতুন থানা তৈরির পাশাপাশি হবিবপুরের জাজইল, বামনগোলা থানার জগদল্লা এই দুইটি জায়গায় নতুন দুটি আউটপোস্ট হবে। এছাড়া ইংরেজবাজারের লুকোচুরি পুলিশ আউট পোস্টকে উন্নীত করা হবে নতুন আউটপোস্ট হিসেবে। এই এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চরাচালান সহ সীমান্ত অপরাধ কমাতে এই থানা ও আউটপোস্ট সহায়ক হবে ওই প্রস্তাবে রাজ্য সরকারকে জানিয়েছে জেলা পুলিশ।