বিশ্বকাপের খেলা চলে, খেলছে মাঠে কারা?
চ্যালচ্যালাইয়া জেতার কথা, হারতেছে গো-হারা!
এইগুলারে নামাইছে কে? ঢুকাইছে কে দলে?
বিশ্বকাপের এই লেভেলে এমন হলে চলে?
পাস দিতেছিস এরে ওরে, সব তো ভরা ভুলে!
খেলায় তোদের নামায় কেন? নেয় না কেন তুলে?
হেড যে দিবি! কোন আক্কেলে বাঁধলি চুলে ঝুঁটি?
পড়িস কেন? ভাত খাস না? তিনবেলা খাস রুটি?
ডিফেন্ডারে দৌড়াইয়া যায়, উইঙ্গারে হাঁটে?
নিজের পায়ে পা জড়াইয়া গড়াইতেছিস মাঠে!
গোল দিবি কী? সারাক্ষণই বইসা থাকিস গ্যাপে!
বল রিসিভের আগেই পড়িস অফসাইডের ট্র্যাপে!
ফাউল করে কার্ড খাবি ক্যান? বুদ্ধি কি নাই ট্যাকে?
গুঁতাই যদি মারবি সেটা রেফারি ক্যান দ্যাখে?
মার মার মার! মারিস না ক্যান? করিসটা কী? আরে!
খুব মেরেছিস! গোল হয় নাই, লেগেছে ক্রসবারে!
এইভাবে কি গোল দেওয়া যায়? পৌঁছাবে বল জালে?
আজকের আগে বলে লাথি দিছিলি কোন কালে?
খেলা তোদের কে শিখাবে? তোদের দেশের কোচে?
যে শেখাবে সে তো বসে তাও দিয়েছে মোচে!
কোচকে খুঁজে পাচ্ছিস না? চোখ কি তোদের ঠসা?
বাংলাদেশের ঘরে ঘরে কোচরা আছে বসা।








