বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে প্রথমবারের মতো ফরেন অফিস কনসালটেশন-এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই পক্ষ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেছে। বুধবার ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকের আগে দুই দেশ নিয়মিত পররাষ্ট্র দপ্তর পর্যায়ের আলোচনা প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও তাজিকিস্তানের পক্ষে ছিলেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দার। বৈঠকে উভয়পক্ষ সম্পর্ক পুনর্মূল্যায়ন ও সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেয়। রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফরের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ-সদস্যদের নিয়মিত যোগাযোগ বাড়াতে বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের সম্ভাবনাও আলোচনা হয়।

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশ বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়ী প্রতিনিধিদলের বিনিময় বাড়ানোর বিষয়ে একমত হয়। বাংলাদেশ তাজিক প্রতিনিধিদলকে তৈরি পোশাক (আরএমজি), পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ শিল্পে দেশের বৈশ্বিক সক্ষমতার কথা তুলে ধরে। খনিজ সম্পদ খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সমন্বয় আরও জোরদার এবং জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেওয়ায় তাজিকিস্তানকে ধন্যবাদ জানায় বাংলাদেশ। বৈঠকের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বিষয়ক আরও একটি সমঝোতা স্মারক সই হয়।