বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্ভিস পোর্টালের (বিএসপি) আদলে প্রস্তুতকৃত জাল ওয়েবসাইট/পোর্টালের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৮ জুলাই) সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) আদলে প্রস্তুতকৃত জাল ওয়েবসাইট/পোর্টাল ব্যবহার করে প্রতারণা করছে একটি অসাধু চক্র। কিছু অসাধু ব্যক্তি/চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ে ‘ট্রাফিক জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি’ বা ‘স্পিডিং ফাইন বকেয়া রয়েছে, দ্রুত পরিশোধ করুন’ বা ‘আপনার বকেয়া জরিমানা আছে’ এ ধরনের বার্তা মোবাইলে পাঠাচ্ছে।

উক্ত বার্তা/মেসেজের সঙ্গে bsbrtcar-bdpay.sbs ev bspbrtcar-govbd.online বা bspbrtn-gov.cc বা bspbrtcar-payfeebd.icu বা bspbrtn-gov.cc বা bsp.brtagov.top বা bsp.brta.vu/bd বা bsapqzc.lat ev bsp.brtas.cfd বা অন্য কোনো লিংক পাঠাচ্ছে, যা বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) আদলে প্রস্তুত করা হলেও এসব জাল ওয়েবসাইট/পোর্টালের সঙ্গে বিআরটিএর সার্ভিস পোর্টালের প্রকৃত লিংক bsp.brta.gov.bd বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম।

এই ধরনের মোবাইল মেসেজের লিংকে ক্লিক না করা; ব্যক্তিগত কোনো তথ্য বা আর্থিক লেনদেন না করার বিষয়ে সতর্ক থাকা এবং এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে (স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে) অবহিত করার জন্য অনুরোধ করছে বিআরটিএ কর্তৃপক্ষ।

এমএমএআর