রাজধানীর বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ১৫ জন এবং অন্যান্য অপরাধে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।
অভিযানে তাসের বান্ডিল, গাঁজা ও জুয়া খেলার নগদ টাকা।
গ্রেপ্তার ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল রানা (৩২), মো. ইকরামুল হক ওরফে ইমরান (২৭), মো. ফয়সাল আহমেদ (৩৩), মো. পাপন (২৯), মো. কালাম (৪২), মো. মোক্তার হেসেন (৪২), মো. ফারুখ (৩৬), মো. নূর হোসেন (৩৪), মো. মনির হোসেন (৪৭), মো. রুবেল হোসেন (৪০), মো. টিটু (২৫), মো. আব্দুল মতিন (৪৮), মো. বাহার (৪৮), মো. শুভ (২৪), মামুনুর রহমান জাবেদ (৪০), মো. আব্দুর রহিম (৫৩) এবং মো. ফয়সাল (৩৫)।
বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ৫ আগস্ট রাত ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানার একটি বাসায় অভিযান চালানো হয়।
সেখানে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে সংক্ষিপ্ত বিচারে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেন।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে মো. সোহেল রানা ও ইকরামুল হক ওরফে ইমরানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, তিনটি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







