ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যাদুর্গতদের পাশে সরকার আছে। তাদের জন্য যা যা করণীয়, সরকার তা করবে। আপাতত খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্গত মানুষের কষ্ট লাঘবে দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর রাখছেন এবং তার নির্দেশনাতেই আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছি।’
বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সম্মিলিত ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘সবার সমন্বিত প্রচেষ্টায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে।’
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোরতোজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।








