ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে পুনর্বাসনে সরকার মনোযোগ দেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, ‘যাঁদের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি মেরামত করা প্রয়োজন, গবাদিপশুর ক্ষতি, ফসলাদি নষ্ট হয়েছে, আমরা পুষিয়ে দিতে চাই। যাতে সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অঙ্গীকার।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মানুষ অনেক আস্থা নিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। এই সরকারের দায়বদ্ধতা রয়েছে, যে কারণে মুহূর্তে খাদ্যসামগ্রি নিয়ে পাশে দাঁড়িয়েছি।’

আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বুড়ির দোকান ও পহরচাঁদার বন্যাদুর্গত গ্রাম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এরপর তিনি ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার সাজিদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে প্রমুখ।