দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে গণ বিশ্ববিদ্যালয় (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ক্লাব ও শুভানুধ্যায়ীদের স্বেচ্ছা অনুদানে গঠিত এ তহবিলের মাধ্যমে দুর্গত মানুষের কাছে খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হবে।

রবিবার (১২ জুলাই) গকসুর সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. রায়হান খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্যোগের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের বর্তমান বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসাসহ নানা সংকটে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ক্লাব এবং শুভানুধ্যায়ীদের স্বেচ্ছা অনুদানের মাধ্যমে মানবিক তহবিল গঠন করা হবে। এ তহবিল থেকে বন্যাকবলিত মানুষের জন্য খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, গত বছরের বন্যার সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও বিভাগ সম্মিলিতভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবারও গকসুর সার্বিক সহযোগিতায় মানবিক তহবিল গঠন করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, “সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার কারণে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগে খাবার ও অর্থের সংকটে পড়েছে সাধারণ মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের সহায়তায় এবং ছাত্র সংসদের (গকসু) উদ্যোগে মানবিক তহবিল গঠনের মাধ্যমে প্রয়োজনীয় শুকনা খাবার, নিরাপদ পানি ও প্রাথমিক ওষুধসামগ্রী পৌঁছে দিবো।”

গকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন বলেন, “অনুদান সংগ্রহ করে এই সপ্তাহের মধ্যেই বন্যাকবলিত এলাকায় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের মাধ্যমে। পাশাপাশি বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী সংকোচের কারণে সাহায্য চাইতে পারছেন না, আমাদের প্রতিনিধি দল গোপনীয়তা বজায় রেখে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।”