মৌলভীবাজারে বন্যায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের কোথাও কোথাও ভাঙন, আবার কোথাও খানাখন্দ তৈরি হয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জেলা এলজিইডি সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত এবং পুনঃনির্মাণে প্রায় ২৮ কোটি টাকা প্রয়োজন। তবে এখনো পুরোপুরি হিসাব পাওয়া যায়নি। কারণ বিভিন্ন জায়গায় সড়কের ওপর এখনো পানি রয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫ কিমি সড়ক, মেরামতে প্রয়োজন ২৮ কোটি টাকা

কমলগঞ্জের বাসিন্দা ধীরেন্দ্র দেবনাথ বলেন, ‌‘ধলাই নদীর ভাঙনে আদমপুর ইসলামপুর সড়কের বেহাল অবস্থা। বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে গেছে। অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

আরও পড়ুন

মৌলভীবাজারে বন্যায় ৫০০ হেক্টর জমির ফসল ও ঘের ক্ষতিগ্রস্ত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, এখন পর্যন্ত সড়কের যে ক্ষতি হয়েছে তা মেরামতে অন্তত ২৮ কোটি টাকা লাগবে। তবে পুরো ক্ষয়ক্ষতির চিত্র জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।’

বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫ কিমি সড়ক, মেরামতে প্রয়োজন ২৮ কোটি টাকা

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছর জেলায় ৩৮ হাজার ৫৩০ হেক্টর জমিতে আউশ আবাদ করা হয়। এর মধ্যে বন্যায় প্রায় ২৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিন হাজার ৭৯ হেক্টর আমনের বীজতলার মধ্যে ৮৬ হেক্টর ও ২৩৬ হেক্টর সবজির মধ্যে ৬৫ হেক্টর প্লাবিত হয়েছে।

আরও পড়ুন

বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের পরিচিত মুখ সীতেশ বাবু আর নেই

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বন্যায় জেলায় প্রায় ৪০৫টি মাছের ঘের প্লাবিত হয়েছে। এতে এক কোটি ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পুরো তালিকা করা হয়নি।

মাহিদুল ইসলাম/এসআর/জেআইএম