কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, বন্যায় বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুতের কাজ শেষ হলে কৃষককে সার, বীজসহ প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। শনিবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের সবাইকে খালি জায়গায় বৃক্ষরোপণ করতে হবে।’
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের সুযোগ নেই।’ অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








