বরগুনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মেয়ে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে সদরের ফুলঢলুয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়ারা হলেন- একই এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মো. বিল্লাল (৩২) ও তার স্ত্রী কমলা বেগম (২৮)। আহত মেয়ের নাম আরিফা বিল্লাল।
স্বজনরা জানান, রবিবার রাতে নিজ ঘরের সামনে অটোরিকশা চার্জে দিয়ে রাখেন বিল্লাল। আজ সকালে চার্জ হয়েছে কিনা দেখতে গিয়ে রিকশা চার্জ থেকে খুলে আবারও চার্জে দিতে যান তিনি। এসময় বিল্লাল বিদ্যুতায়িত হন। স্ত্রী ও মেয়ে আরিফা বিল্লালকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতায়িত হন। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন। আহত আরিফাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক অপূর্ব চৌধুরী বলেন, “হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। মেয়েটার অবস্থার অবনতি না হলেও সুস্থ হতে সময় লাগবে।”
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”








