ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন-কনস্টেবল মারুফ হাসান, জয়দেব কুমার মজুমদার ও সজীব মিয়া। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল হান্নান জানিয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রমাণ সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত একটি অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ভুয়া বিল তৈরি করে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা ওই তিন কনস্টেবল আত্মসাৎ করেছেন। ওই তিনজন মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় কর্মরত ছিলেন। অন্য এক কর্মকর্তার আইডি ব্যবহার করে আত্মসাৎ করার অভিযোগ অফিস আদেশে উল্লেখ করা হয়।