বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মেঘনা নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান তাঁরা। লোকটির শরীরের উপরের অংশে পোশাক ছিল না। নিচের অংশে দুটি প্যান্টের একটি পরিহিত ও অন্যটি অর্ধেক খোলা অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি মেঘনা নদীর জোয়ারের পানির সঙ্গে তীরে ভেসে ওঠে। বিষয়টি দেখতে পেয়ে তাঁরা স্থানীয় চৌকিদারকে ফোন করে অবগত করেন।
স্থানীয় চৌকিদার মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় কয়েকজন ফোন করে জানান যে মেঘনার তীরে একটি মরদেহ দেখা গেছে। বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেন্দিগঞ্জ থানা-পুলিশকে জানিয়েছি।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে নিয়ে আসার পর বিস্তারিত বলতে পারব।








