জাতীয় বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগে চিকিৎসাসেবা গ্রহণের জন্য ই-টিকিটিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার যৌথভাবে এ সেবার উদ্বোধন করেন।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের ভোগান্তি কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে রোগীরা আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন
তদবিরের হাট স্বাস্থ্য মন্ত্রণালয়!
নতুন ব্যবস্থায় একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন করলেই হবে। নিবন্ধনের পর রোগীর তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসা নিতে এসে নতুন করে তথ্য দিতে হবে না। একই সঙ্গে রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসকদের দ্রুত, নির্ভুল ও কার্যকর চিকিৎসাসেবা দিতে সহায়তা করবে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে এই আধুনিক ও জনবান্ধব সেবাটি বাস্তবায়ন করা হয়েছে।
কেএজেডআইএ/এমআইএইচএস/







