বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৭২ শিশুর শরীরে হাম শনাক্ত ও হামের উপসর্গ দেখা দিয়েছে।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২১ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ৭৫১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৪ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৬ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে।
দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনে। তাদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় শনাক্ত হাম রোগী ১৬ হাজার ১৮০ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।







