ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নগরকান্দায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে মোটরসাইকেল চালক ফাহিম মাতুব্বর (২৩) ও একই গ্রামের কাওসার মাতুব্বরের ছেলে রফিকুল মাতুব্বর (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাস ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি এ্যাপাসি মোটরসাইকেলে থাকা দুই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ফাহিম মাতুব্বর নিহত হন। এ সময় মোটরসাইকেল আরহী আরেক যুবক রফিকুল ইসলামকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘মোটরসাইকেলে থাকা দুই যুবক একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের ওপর পড়ে যায়, তখন পিছন থেকে দ্রুতগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ও হাসপাতালে নেওয়ার পর আরোহী যুবক মারা যান।

তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে সাকুরা পরিবহনের বাসটি ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এন কে বি নয়ন/কেএইচকে