ময়মনসিংহের নান্দাইলে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের যাতায়াত ভাড়া অর্ধেক (হাফ পাস) করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সামনে ‘নান্দাইল ছাত্র সংঘ’-এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থী সাদমান সানির সঞ্চালনায় মানবাধিকারকর্মী পিন্টু সাহা, সিলেট এমসি কলেজের শিক্ষার্থী রিয়াদ হাসান, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী কামরুজ্জামান তোহা ও মোবাশ্বেরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নান্দাইল থেকে জেলা শহর ময়মনসিংহে প্রতিদিন কয়েক শ শিক্ষার্থী বিআরটিসি বাসে যাতায়াত করেন। বর্তমানে বাসের যে ভাড়া নির্ধারণ করা আছে, তা সাধারণ শিক্ষার্থীদের জন্য বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। সরকারি অন্যান্য বাসে হাফ ভাড়ার নিয়ম থাকলেও নান্দাইল রুটে তা কার্যকর হচ্ছে না।

বক্তারা আরও বলেন, অতিদ্রুত বিআরটিসি বাসে ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। যদি এই যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামী দিনে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে ছাত্র নেতারা নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সঙ্গে দেখা করেন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।