বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অধ্যাপক মোঃ আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মোঃ আবু তালেব নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল মজিদ মন্ডল ও অধ্যাপক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ জাকির হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জহির রায়হান, দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ এ কে এম আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান এবং গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক সহযোগী অধ্যাপক সাকিবা ফেরদৌসী।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক রাফসান মাহমুদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সোবাহান, সহকারী অধ্যাপক মোঃ সাব্বির হোসেন, প্রভাষক মোঃ মোরছালিনুর রশিদ, প্রভাষক মোঃ আনিসুর রহমান এবং প্রভাষক মোছাঃ জারিন তাসনীম মুনিফা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব, গণতান্ত্রিক, গবেষণামুখী ও সহমর্মিতাপূর্ণ একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা সংরক্ষণ, গবেষণা কার্যক্রম গতিশীল করা এবং সামগ্রিক একাডেমিক উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নব-নির্বাচিত নেতারা শিক্ষক সমাজের আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক, গবেষণানির্ভর ও মানবিক বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে নিতে সকল শিক্ষককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।








