বাউল, ফকির ও সন্ন্যাসীদের ওপর হামলা এবং মাজার ও খানকায় আক্রমণের অভিযোগ তদন্ত করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই সম্প্রদায়ের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ আদেশে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শককে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২১ জুন এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন।রিট আবেদনে বলা হয়, বাউল ও ফকিরদের ওপর নিপীড়ন শুধু তাদের একতারা ভাঙচুর, আখড়ায় হামলা কিংবা গান নিষিদ্ধের ফতোয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। শত শত বাউল, ফকির ও সন্ন্যাসীর চুল ও জটা জোরপূর্বক কেটে দেওয়া হয়েছে। এতে শুধু তাদের ধর্মীয় বিশ্বাসই লঙ্ঘিত হয়নি, বরং তাদের শারীরিক ও মানবিক মর্যাদাও ক্ষুণ্ন হয়েছে।ওয়াহাবি ও খারিজি মতাদর্শে বিশ্বাসী গোষ্ঠীগুলোর আদর্শিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের শরীরকে বস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে রিটে।রিটকারীদের অভিযোগ, কার্যকর ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতার মূল্য দিতে হচ্ছে বাউল ও ফকিরদের। রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এ ধরনের সহিংসতা ও নিপীড়নকে আরও উৎসাহিত করেছে।আবেদনে আরও বলা হয়, বাউলদের চুল ও জটা কেটে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যেসব পেজ ভাইরাল হয়েছিল, সেগুলো এখনও ধর্মীয় ও সাংস্কৃতিক নিপীড়নকে উসকে দিচ্ছে।নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভীন হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আমেনা মহসিন, সুরেশ্বর দরবার শরিফের পীর হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, অধ্যাপক গীতি আরা নাসরীন, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ কয়েকজন সচেতন নাগরিকের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এই রিট আবেদন করেন।বাউল, ফকির ও সন্ন্যাসীদের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। স্বরাষ্ট্রসচিব, ধর্মসচিব, সংস্কৃতিসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।রিটকারীদের দাবি, এসব ঘটনা এবং তা প্রতিরোধে কর্তৃপক্ষের ব্যর্থতা বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১, ৩৫(৫), ৩৬, ৩৯(১) ও ৪১ অনুচ্ছেদের লঙ্ঘন। এসব অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, নিষ্ঠুর ও অমানবিক আচরণ থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং ধর্ম পালন, চর্চা ও প্রচারের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহিদুল ইসলাম (জনি) এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাকির হোসাইন, মো. হুমায়ুন কবির সিদ্দিকী, মো. তানভীর প্রধান ও শারমিন হামিদ।
রাজনীতি
বাউল-ফকিরদের ওপর হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন







