দ্বিতীয়বারের মতো শহিদ আবু সাঈদের স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। সোমবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শুরু হবে এই টুর্নামেন্টে, যেখানে ছেলে ও মেয়েদের মিলিয়ে অংশ নেবে ২৬টি দল।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে ছেলেদের ২২টি বিভাগের ২২টি দল অংশ নেবে। পাশাপাশি মেয়েদের চারটি দলও প্রতিদ্বন্দ্বিতা করবে। গত বছর প্রথমবারের মতো শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ইসমাইল হোসেন বলেন, “আমরা চেষ্টা করতেছি মাঠটা খেলার উপযোগী করার। আশা করি আমাদের শিক্ষার্থীরা ভালো টুর্নামেন্ট উপহার দিবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। খেলায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সবার জায়গা থেকেই যেন সবাই সহনশীল হয়। আমরা সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে শহিদ আবু সাঈদ টুর্নামেন্টটি শেষ করতে চাই।”
উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শওকাত আলী। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জুলাই শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেবেন।








