জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ম্যানার’ শেখানোর নামে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে ইতিহাস বিভাগের একদল সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন, আর অভিযুক্তরাও র্যাগিংয়ের কথা লিখিতভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
আটক ১২ জনই ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী। তারা হলেন—সুভাশীষ রায়, নাছিম উদ্দিন মজুমদার, আবু আবতাহী অনিক, নাইমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী সিক্ত, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান অন্ত, শ্রী কার্তিক চন্দ্র রায় এবং নাইম আহমেদ সজিব।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ইতিহাস বিভাগের ৫৫ তম ব্যাচের কয়েকজন নবীন শিক্ষার্থীকে ফোন করে ডেকে পাঠানো হয়। প্রথমে তাদের মহুয়া মঞ্চের সামনে এবং পরে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে যেতে বলা হয়। সেখানে প্রায় ৪০ মিনিট বসিয়ে রাখার পর মাঠসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর ‘ফরমাল পরিচয়’ ও ‘ম্যানার’ শেখানোর নামে বাবা-মাকে নিয়ে অশালীন ভাষায় গালাগাল, কান ধরে দাঁড় করিয়ে রাখা এবং বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. এহসানুল হক বলেন, “সেখানে আমাদের বাবা-মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। কান ধরে দাঁড় করিয়ে রাখা হয় এবং ফরমাল পরিচয়ের নামে আমাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। পরে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নেতা মোহাম্মদ আলী চিশতী, হুসনে মোবারক এবং প্রক্টরিয়াল টিম এসে আমাদের উদ্ধার করেন।”
একই ব্যাচের আরেক শিক্ষার্থী রাজ খান জানান, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও ‘ম্যানার’ শেখানোর নামে রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সেন্ট্রাল ফিল্ডে নিয়ে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান জাকসুর স্বাস্থ্য ও খাদ্যবিষয়ক সম্পাদক এবং অ্যান্টি-র্যাগিং সেলের সদস্য হুসনে মোবারক। তিনি বলেন, “রাত ২টার দিকে এক শিক্ষার্থীর মাধ্যমে খবর পেয়ে আমি ও জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ঘটনাস্থলে যাই। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রশাসনকে জানানো হয়। পরে সহকারী প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তারা এসে অভিযুক্তদের নিরাপত্তা অফিসে নিয়ে যান। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেন।”
তিনি আরো বলেন, “র্যাগিংয়ের বিরুদ্ধে যখন পুরো ক্যাম্পাস সোচ্চার, তখন গভীর রাতে জঙ্গলে নিয়ে শিক্ষার্থীদের হেনস্তার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। জাকসু এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্টরিয়াল টিমের কাছে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে অভিযুক্ত শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, আমরা ইতিহাস বিভাগের ৫৫ তম ব্যাচের ১৩ জন শিক্ষার্থীকে ম্যানার শেখানোর নামে জাবি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নিয়ে র্যাগিং করেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, “রাত ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংশ্লিষ্টদের নিরাপত্তা অফিসে এনে তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি প্রক্টরিয়াল বডির সভায় উপস্থাপন করা হবে এবং সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”








