যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি মারা গেছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে যশোরের অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামে নিজবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা রাজনীতিক ইকবাল কবির জাহিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

শতাধিক গ্রামে ভবদহের জলাবদ্ধতা, দুর্ভোগে লাখো মানুষ

তিনি জানান, রণজিৎ বাওয়ালি গত ১ জুলাই বাড়িতে স্ট্রোক করেন। হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে গত ১৫ জুলাই থেকে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। আজ দুপুরে তিনি মারা যান।

বিকেল সাড়ে ৫টার দিকে নওয়াপাড়া মহাশ্মশানে তার শেষকৃত্য শুরু হবে। এর আগে ৫টায় অভয়নগরে নওয়াপাড়া মহাশ্মশানে লাল পতাকায় আবৃত পুষ্পার্ঘ অর্পণ ও রেড স্যালুটের মাধ্যমে জানানো হবে শ্রদ্ধা।

আরও পড়ুন

ভবদহে জলাবদ্ধতা / সংকট নিরসনে চার দফা দাবি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

রণজিৎ বাওয়ালি ‘যশোরের দুঃখ’ খ্যাত ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে তিনি আমৃত্যু স্থানীয় মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা কমরেড তসলিম-উর-রহমান, সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু।

মিলন রহমান/এসআর/জেআইএম