জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

বুধবার (৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কোনো মনস্তত্ত্ব ছিল না; বরং তিনি চরম ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করতে চেয়েছিলেন। তবে জুলাইয়ের ছাত্র-জনতা তার উপযুক্ত জবাব দিয়েছে।

আরও পড়ুন

জুলাই গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ছাত্রশক্তির গণমিছিল

সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘ দেড় দশক ধরে দেশে মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে শেখ হাসিনা একদলীয় শাসন কায়েম করেছিলেন। কিন্তু জুলাইয়ের অভূতপূর্ব অভ্যুত্থান প্রমাণ করেছে, নিপীড়ন চালিয়ে কোনো ফ্যাসিবাদী সরকার টিকে থাকতে পারে না।

আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের স্মরণ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদের অবসান হলেও তাদের ‘পেতাত্মারা’ এখনো সক্রিয় রয়েছে। তাই জুলাই গণহত্যার প্রধান হোতা শেখ হাসিনাসহ তার সহযোগীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তারা।

আরও পড়ুন

স্কুলব্যাগ-পরনের কাপড়ের মাঝে আজও মারুফকে খুঁজে ফেরেন মা মোর্শেদা

কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহ-সভাপতি খায়রুল বাশার, একেএম মহসিন হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রফিক লিটন, নির্বাহী সদস্য রাজু আহমেদ, নিজামুদ্দিন দরবেশ, তালুকদার রুমি, আব্দুল্লাহ মজুমদার, কাজী ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচএম আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএমকে