বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছরের মাথায় আজ রোববার থেকে আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) পর্যটন ভিসার আবেদন নেওয়া হচ্ছে। আবেদন অনলাইনে করা হয়।
ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভিসা আবেদন কেন্দ্রের বাইরে মাকে সঙ্গে নিয়ে অপেক্ষায় ছিলেন খোকন কুমার সাহা। এসেছেন নরসিংদী সদর থেকে। মেডিক্যাল ভিসার আবেদন নিয়ে তাঁরা অপেক্ষা করছেন। খোকন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘১০ দিন আগে আবেদন করেছিলাম। মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব।’
জুলাই গণ-অভ্যুত্থানের আগে সর্বশেষ ভারতে গিয়েছিলেন বলে জানান খোকন। ট্যুরিস্ট ভিসা চালুর প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। দ্রুত স্লট পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
নোয়াখালীর বেগমগঞ্জের তরুণ ইমরান হোসেন ইউরোপের দেশ রোমানিয়ায় যেতে চান। কিন্তু রোমানিয়ার দূতাবাস ঢাকায় নেই। সাক্ষাৎকারসহ দেশটির ভিসাসংক্রান্ত যাবতীয় কাজ করতে হয় ভারতের রোমানিয়ান দূতাবাসে গিয়ে। এ কাজেই ভারতে যেতে চান তিনি। ইমরান বলেন, ভারতের ভিসা পেলেই তিনি দেশটিতে রোমানিয়ার দূতাবাসে গিয়ে ভিসাসংক্রান্ত কাজ শেষ করতে পারবেন। তিনি আরও বলেন, ‘আগে সহজে ভারতে যাওয়া যেত। ভিসা পেতে অসুবিধা হতো না। মাঝে বন্ধ থাকায় অসুবিধা হয়েছে। এখন আবার ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় ভালো হয়েছে।’
কুমিল্লার চান্দিনা থেকে ভিসার আবেদন জমা দিতে এসেছেন রাজিয়া সুলতান। স্বামী ওবায়দুল্লাহকে নিয়ে ৩২ বছর বয়সী এই নারী ভারতে যেতে চান চিকিৎসার কাজে। তিনি প্রথম আলোকে আলেন, ‘সাত দিন আগে মেডিক্যাল ভিসার জন্য আবেদন করেছি। আজকে স্লট ছিল। সে জন্য আজকে আবেদনপত্র জমা দিতে এসেছি।’
নড়াইল থেকে ভিসার আবেদনপত্র জমা দিতে আসা বিষ্ণুপদ মজুমদার বলেন, সাত দিন আগে ভিসার জন্য অনলাইনে আবেদন করেছিলেন। আজ আবেদনপত্র জমা দেওয়ার স্লট পেয়েছেন।
বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, আবেদন শুরু ২৮ জুনপর্যটন ভিসা চালু হওয়ায় তাঁরা খুশি বলে জানান।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে এসে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।
দীনেশ ত্রিবেদী জানান, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ভিসা আবেদন কেন্দ্রগুলোয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রে এ সেবা চালু করা হতে পারে।
কোন কোন কেন্দ্র থেকে ভারতীয় পর্যটন ভিসার আবেদন করা যাবে, জেনে নিন ঠিকানা






