বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
নতুন নিয়মে আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট নির্বাচন করতে পারবেন না। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবফাইল আপলোড সম্পন্ন হওয়ার পর খালি থাকা সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্ধারণ করবে সিস্টেম।
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) জানিয়েছে, বুধবার (১ জুলাই) থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম স্লটের নতুন এ ব্যবস্থা চালু হচ্ছে। প্রতিটি ভিসা কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে আবেদনকারীদের জন্য ক্রমানুসারে সময় নির্ধারণ করা হবে।
নতুন নিয়ম অনুসারে, প্রতিদিন দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওয়েবফাইল আপলোড করা যাবে। এরপর বিকেল ৫টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত হবে। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবফাইল আপলোড সম্পন্ন করা আবেদনকারীরাই ওইদিনের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য বিবেচিত হবেন।








