ভারত থেকে পাঁচ হাজার ৭৩৬ দশমিক ৫০০ টন চাল পৌঁছেছে মোংলা বন্দরে। আমদানি চুক্তির তৃতীয় প্যাকেজের শেষ চালান এটি। ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি পু থান-৩৬ জাহাজ’ চাল নিয়ে বন্দর চ্যানেলে নোঙর করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা তৃতীয় প্যাকেজের চালের শেষ চালান। মোট ৫০ হাজার টন চালের চুক্তি হয়েছিল। শুক্রবার রাতে শেষ চালানে আসা এ চালের ভৌত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় শনিবার। আজ বিকাল থেকে তা মোংলা বন্দরে খালাস করা হবে।’

আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের চাল আমদানির যে চুক্তি হয়েছে তা পর্যায়ক্রমে মোংলা বন্দরে এসেছে। এ পর্যন্ত ১০টি জাহাজে চুক্তির সব চাল মোংলা বন্দরে এসে পৌঁছলে তা খালাস করে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এর আগে আমদানিকৃত চালের প্রথম চালান ভারত থেকে এসেছিল ২০ জানুয়ারি।

চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস হয় মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস হয় চট্টগ্রাম বন্দরে।