টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় নাজমা আলম নাজু (৫১) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে নিহতের বাসার ভাড়াটিয়া ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের উদ্দেশ্যেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজুয়ান সিদ্দিকী এসব তথ্য জানান। গ্রেপ্তার মোশারফ হোসেন নিহতের বাড়িতেই ভাড়া থাকতেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন। সেই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে তিনি তার বাড়িওয়ালা নাজমা আলম নাজুর স্বর্ণ ও টাকার ওপর নজর দেন। গত রোববার সুযোগ বুঝে তিনি নাজমার ঘরে প্রবেশ করেন। আলমারি থেকে গয়না ও মূল্যবান মালামাল নেওয়ার সময় নাজমা তা দেখে ফেলেন। পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে মোশারফ তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজুয়ান সিদ্দিকী বলেন, সংগৃহীত বিভিন্ন আলামত ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে মোশারফ হোসেনকে শনাক্ত ও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চলছে।উল্লেখ্য, গত রোববার বিশ্বাস বেতকা এলাকায় নিজ বাড়ি থেকে নাজমা আলম নাজুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিবার থেকে মামলা করা হয়।