ভাসানচরে সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণব্যবস্থা স্থাপনের কাজ চীনের একটি প্রতিষ্ঠান ও বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্পে ব্যয় হবে ১৭৪ কোটি ১৮ লাখ ২ হাজার ২৮২ টাকা।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘নোয়াখালী জেলার ভাসানচরে বিদ্যুতায়ন’ প্রকল্পের আওতায় এ কাজ করা হবে। প্রকল্পের প্যাকেজ নম্বর জিডি-১-এর আওতায় টার্নকি ভিত্তিতে সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণব্যবস্থা স্থাপন করা হবে।

জানা যায়, প্রকল্পের কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে মোট ১৩টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে পাঁচটি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়নের সব প্রক্রিয়া শেষে মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনের সুহুয়া কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের পাওয়ার সিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগকে নির্বাচিত করা হয়।

নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও করসহ মোট ১৭৪ কোটি ১৮ লাখ ২ হাজার ২৮২ টাকা ব্যয়ে প্রকল্পের আওতাভুক্ত কাজ বাস্তবায়ন করা হবে।

জানা যায়, নোয়াখালী জেলার ভাসানচরে বিদ্যুতায়ন প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন করে। প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিল থেকে অর্থের সংস্থান করা হবে।

এমএএস/এমএএইচ/