২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নতুন করবর্ষে করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনারও ঘোষণা দেওয়া হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ই-রিটার্ন জমা দিলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ ছাড় মিলবে, তবে এ সুবিধার সর্বোচ্চ সীমা হবে ২৫ হাজার টাকা।
বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, করসেবা আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ২২ জুলাই থেকে অনলাইন রিটার্ন দাখিলের প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর করদাতাদের আগ্রহ ধারাবাহিকভাবে বেড়েছে। সর্বশেষ ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ।
রাজস্ব বোর্ড জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী সাধারণ ব্যক্তিশ্রেণির সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রয়োজনীয় সনদসহ), বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এছাড়া প্রযুক্তিগত জটিলতার কারণে কেউ ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে না পারলে সংশ্লিষ্ট কর কর্মকর্তার অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআর জানায়, eTax প্ল্যাটফর্মের মাধ্যমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই অনলাইনে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা যাবে।
নতুন করবর্ষে সময়মতো রিটার্ন দাখিলকারীদের জন্য প্রণোদনার পাশাপাশি বিলম্বে রিটার্ন জমা দিলে অতিরিক্ত করের বিধানও কার্যকর থাকবে। এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বরের পর রিটার্ন জমা দিলে ৫ শতাংশ কর-ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে আইন অনুযায়ী অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় অফিস চলাকালীন এনবিআরের কল সেন্টার ও অনলাইন সহায়তা সেবা থেকে সহযোগিতা নেওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং করদাতাদের ভোগান্তি কমাতে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।








