কৃষিপ্রধান অঞ্চল ময়মনসিংহে কৃষিকে শিল্পে রূপান্তর ও স্থানীয় শিল্পখাতের প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিলে কর্মসংস্থান সৃষ্টিতে গতি আসবে বলে জানিয়েছেন আলোচকরা।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) যৌথ উদ্যোগে বুধবার (২২ জুলাই) ময়মনসিংহের একটি রিসোর্টে ‘বাংলাদেশের শিল্প জরিপ’ নিয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় তারা এ কথা জানান।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, বিনিয়োগকারী ও স্থানীয় অংশীজনরা অংশ নেন।

শিল্প জরিপের উদ্দেশ্য, পরিধি ও যৌক্তিকতা তুলে ধরা, সম্ভাবনাময় খাত, বিনিয়োগ-সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় এবং জরিপের তথ্য যাচাইয়ে স্থানীয় অংশীজনদের সহযোগিতা নিশ্চিত করাই ছিল কর্মশালার মূল লক্ষ্য।

উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, বিনিয়োগকারীদের বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে কার্যকর সমাধান ও তথ্যভিত্তিক নীতিনির্ধারণের জন্য একটি সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলা জরুরি।

তিনি সরকারি-বেসরকারি খাত ও বিনিয়োগকারীদের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

ময়মনসিংহে দ্বিগুণ বেড়েছে সরিষা চাষ

এডিবির পাবলিক সেক্টর ইকোনমিস্ট তাসনিম আলম বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি ও একটি নির্ভরযোগ্য কেন্দ্রীয় বিনিয়োগ ডাটাবেজ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিডার মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক বলেন, বর্তমানে বিভিন্ন বিনিয়োগ সংস্থার কাছে খণ্ডিত তথ্য থাকলেও দেশীয় ও বিদেশি বিনিয়োগের পূর্ণাঙ্গ চিত্র অনুপস্থিত। শিল্প জরিপের মাধ্যমে নির্ভুল বিনিয়োগ তথ্য সংগ্রহের পাশাপাশি উচ্চ রপ্তানি সম্ভাবনাময় আঞ্চলিক খাত- বিশেষ করে কৃষি ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প চিহ্নিত করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার বলেন, ময়মনসিংহ মূলত কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এখানকার সামগ্রিক উন্নয়ন কৃষিখাতের ওপর নির্ভরশীল। এই সমীক্ষা কৃষিকে একটি সুসংগঠিত শিল্পখাতে রূপান্তরে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহে আইটি, চামড়া, গবাদিপশু, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে ব্যাপক সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত বিনিয়োগের অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না। বিশেষ করে কাঁঠাল ও আনারসের মতো কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে রপ্তানির সুযোগ থাকা সত্ত্বেও বড় বিনিয়োগকারীর অভাব রয়েছে।

আইএইচও/এএসএ