পবিত্র মহররম ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে ‘কারবালার শিক্ষা : ন্যায়, ত্যাগ ও মানবতা’ শীর্ষক সেমিনার, ডিজিটাল কনটেন্ট ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন এবং এ মানব জাতির পথপ্রদর্শক হিসাবে তাদের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসাবে হযরত মোহাম্মদ (সা.)-কে পাঠিয়েছেন। তাই নবীর দেখানো পথে কারবালার চেতনা ধারণ করে ন্যায়, সত্য, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। সেমিনারে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন-সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেইন। তিনি বলেন, কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়; এটি সত্য, ন্যায়, আত্মত্যাগ এবং মানবমুক্তির এক অনন্য শিক্ষা।