ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে ইরানিদের কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি ভেবেছিলেন ইরানের জনগণের বড় একটি অংশ খামেনির প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে।’ তবে ট্রাম্প আরও মন্তব্য করেন যে, ‘হতে পারে এগুলো ভুয়া কান্না।’ এনডিটিভি।
ট্রাম্প আরও বলেন, তারা সবাই সেখানে (জানাজায়) উপস্থিত আছেন। মাত্র এক আঘাতেই আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারি। তবে আমরা তা করতে যাচ্ছি না, কারণ তাহলে আমাদের সঙ্গে চুক্তি করার মতো আর কেউ বেঁচে থাকবে না। তারা একটি চুক্তির জন্য আমাদের কাছে মিনতি করছে। তিনি আরও দাবি করেন, খামেনির দাফন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত উভয়পক্ষই আলোচনা থেকে এক সপ্তাহের বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো পক্ষই অপর পক্ষের ওপর হামলা চালাবে না বলেও জানান তিনি। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। অভিযানের প্রথম দিনই তেহরানে স্ত্রী, পুত্রবধূ এবং নাতনিসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।








