রাণীনগরে অবৈধভাবে পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে রবিউল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার ধনপাড়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু রবিউল ওই গ্রামের ময়নুলের ছেলে। জানা গেছে, ধনপাড়া পূর্বপাড়া গ্রামের জাকির, জলিল, বেলালসহ কয়েকজন মিলে ভেকু মেশিন নিয়ে এসে গ্রামে কয়েকদিন থেকে একটি পুকুর অবৈধভাবে খনন করছিলেন। বোরবার বেলা ১১টার দিকে পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ছেঁড়া তার তাদের মেরামত করতে বললেও তারা তা করেননি। বিকাল সাড়ে ৩টার দিকে শিশু রবিউল খেলা করার সময় বিদ্যুতের লাইনের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। এ ব্যাপারে অবৈধ পুকুর খননকারীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








