ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে সন্তানকে বাঁচাতে গিয়ে দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীর মৃত্যু হয়েছে। ওই ফুটবলার এবং স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পের সময় নিজের মেয়েকে বাঁচাতে গিয়েই তিনি মারা গেছেন।
বেলো তার ইনস্টাগ্রামে লিখেছেন, দুটি শক্তিশালী ভূমিকম্পের সময় তার ‘প্রিয়তমা’ তাদের ছোট্ট মেয়ের জীবন বাঁচিয়েছেন। বেলো তার পোস্টে লিখেছেন, আমি তাকে সেই গল্পটা বলব, কীভাবে তুমি ওকে বাঁচিয়েছিলে, আমার ভালোবাসা—কীভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন দিয়েছিলে, কীভাবে তুমি একজন সাহসী নারী ছিলে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তেও তাকে পরিত্যাগ করোনি।
রাজধানী কারাকাসের কাছে জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। একাধিক পোস্টে বেলো বলেছেন, তিনি কারাকাসে গিয়েছিলেন, যেখানে তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
আরও পড়ুন
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় প্রিয়জনের খবর পেতে উদ্বিগ্ন বহু মানুষ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, পুরো বিশ্বকে এগিয়ে আসার আহ্বান
শুক্রবার রাতে এক পোস্টে তিনি বলেন, আমার মেয়ে ও তার খালা ভালো আছেন। এখনই তাদের হাসপাতাল থেকে ছাড়া হবে না। তারা হাসপাতালেই থাকছেন। এই অসহ্য কষ্টের সময়ে আমাকে সমর্থন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে বেলো লিখেছেন, আমি তোমার মেয়েকে কীভাবে বোঝাব যে তাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবন দিয়েছ, আর আমি সেখানে কিছুই করার জন্য ছিলাম না? আমি এটা কীভাবে বোঝাব? এখন আমাকে শক্তি দাও।
টিটিএন








