ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪,১১৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ জুনের এই ভয়াবহ বিপর্যয়ে আহত হয়েছেন আরও অন্তত ১৬,৭৪০ জন এবং হাজার হাজার মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দুর্যোগ পরবর্তী সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এই তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই জোড়া ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়া ও ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে এ পর্যন্ত ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আনাদোলু।