প্যারাগুয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে জার্মানির বাতিল হওয়া গোল নিয়ে তীব্র সমালোচনা করেছেন লিভারপুলের সাবেক জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। শেষ ৩২-এর ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নাটকীয় বিদায়ের পর ভিএআরের সিদ্ধান্তকে কঠোর ভাষায় আক্রমণ করেন তিনি।

১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচটি গড়ায় টাইব্রেকারে, যেখানে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি। তবে অতিরিক্ত সময়ে জোনাথান তাহের করা একটি গোল, যা ম্যাচের জয়সূচক গোল হতে পারত, সেটি ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয়ে যায়। রেফারি জালাল জায়েদ ভিডিও দেখে সিদ্ধান্ত দেন, গোল হওয়ার আগে জার্মান ডিফেন্ডার ওয়ালডেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে ফাউল করেছিলেন।

বিশ্বকাপজুড়ে ম্যাজেন্টা টিভিতে বিশ্লেষকের দায়িত্ব পালন করা ইয়ুর্গেন ক্লপ এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আর্সেনালকে নিয়েও সূক্ষ্ম খোঁচা দেন। ক্লপ বলেন, ‘যদি এই গোলটি অবৈধ হয়, তাহলে আর্সেনালও ইংল্যান্ডের চ্যাম্পিয়ন নয়। তারা তাদের ৬০ শতাংশ গোলই এভাবে করেছে।’

তিনি আরও বলেন, ‘বল জালে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ম্যাচ জিতে গিয়েছিলাম। তাই অবশ্যই এটি খুবই নির্মম সিদ্ধান্ত।’

২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পথে কর্নার ও অন্যান্য সেট-পিস থেকে ধারাবাহিকভাবে গোল করার দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছিল আর্সেনাল। যদিও একই কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল দলটিকে।

ইএসপিএনের ভিএআর বিশ্লেষক অ্যান্ডি ডেভিসও মনে করেন, আন্তন ও গিলের মধ্যে হওয়া সংস্পর্শ গোল বাতিল করার মতো ছিল না। ডেভিস বলেন, ‘জার্মানির আন্তনের ব্লকটি কোনোভাবেই ফাউল ছিল না এবং গোলটি বহাল থাকা উচিত ছিল। এটি ছিল ভিএআরের একটি দুর্বল হস্তক্ষেপ, আর মাঠের রেফারিও নিজের প্রাথমিক সিদ্ধান্ত বদলে গোল বাতিল করে হতাশাজনক সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আন্তনের নিজের অবস্থান ধরে রাখার পূর্ণ অধিকার ছিল। বরং প্যারাগুয়ের গোলরক্ষকই জার্মান ডিফেন্ডারের দিকে ঘুরে যান এবং সংস্পর্শ অনুভব করার পর মাটিতে পড়ে যান। আন্তনের পক্ষ থেকে কোনো ফাউলের মতো আচরণ ছিল না।’

ডেভিসের ভাষায়, ‘ম্যাচ পরিচালনায় এটি ছিল অত্যন্ত দুর্বল প্রক্রিয়া এবং হতাশাজনক ফলাফল।’

প্যারাগুয়ের কাছে এই হার বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাইব্রেকারে জার্মানির পরাজয়। এছাড়া এটি তাদের টানা তৃতীয় হতাশাজনক বিশ্বকাপ অভিযানও। ২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার মাত্র চার ম্যাচ খেলেই টুর্নামেন্ট শেষ করতে হলো জার্মানদের।

এই ব্যর্থতার পর জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসমানের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। তুলনামূলক দুর্বল হিসেবে বিবেচিত প্যারাগুয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় না পাওয়ায় দলটির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠবে, এমনটাই মনে করা হচ্ছে।

আরএএইচইউএল/আইএইচএস/