চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৮ জুলাই) অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় চাল, ওষুধ ও বীজের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বেশি দামে গ্যাস বিক্রি এবং দইয়ের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় জয়রামপুর বাজারের শাহ জালালের মেসার্স আলাউদ্দিন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মিথ্যা তথ্য দিয়ে চিকিৎসাসেবা (বাতব্যথা, চর্ম ও শিশু রোগে অভিজ্ঞ) দেওয়ার প্রচারণা এবং ড্রাগ লাইসেন্স নবায়ন না থাকায় ইমামুল হকের মেসার্স মুনস্টার ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ এবং শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেন মামুনুল হাসান।
হুসাইন মালিক/এসআর








