ভোলা সদরের প্রাথমিক বিদ্যালয়ের ভেতর ইয়াবাসহ মাদক বিক্রির অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের পিয়ন ও তার ভাতিজার বিরুদ্ধে। বুধবার দুপুরে ওই স্কুলে কৃষি ডিপ্লোমার ছাত্র মো. সিয়ামকে ইয়াবা কেনার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। ওই সময় সিয়াম মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক (পিয়ন) আব্বাস সরদার ও তার ভাতিজা মো. সোহাগের কাছ থেকে দুই পিস ইয়াবা ক্রয় করে বলে জানা যায়। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন জানান, এর আগেও সোহাগ মাদকসহ কয়েকবার আটক হয়েছিল। ছাড়া পেয়ে ফের একই ব্যবসা করছে। তবে পিয়ন আব্বাস বর্তমানে মাদকের সঙ্গে জড়িত নয়। স্থানীয় ব্যবসায়ী মো. সোহাগ ও আব্দুল গনি জানান, কয়েকদিন ধরে কিছু শিক্ষার্থীসহ বহিরাগতরা ওই প্রাথমিক স্কুলে আসতে দেখে তাদের সন্দেহ হয়। তাই স্থানীয়রা মিলে পাহারা বসান। বুধবার সিয়াম স্কুলে প্রবেশ করতেই স্থানীয় কয়েকজন স্কুল গেটে অবস্থান নেন।