বাগেরহাটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্ক ভর্তি একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে সদর মডেল থানার একটি দল বাগেরহাট পৌরসভার রেলরোড-সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০ থেকে ৪২ জনের একটি দল সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ জনকে হাতেনাতে আটক করে। অন্যদিকে, প্রায় ২৫ জন কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুন

ইবি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাস দমন আইনে মামলা

পরে আটক ও পলাতকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছি। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।’

নাহিদ ফরাজী/একিউএফ