বন্দরে একটি বেসরকারি বহুজাতিক কোম্পানিতে কর্মী নিয়োগের ভুয়া নিয়োগপত্র দিয়ে ২০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারক সিফাত ওরফে জিয়াউল হাসানকে আটক করে পুলিশের সোপর্দ করেছে প্রতারণার শিকার চাকরি প্রার্থীরা। গ্রেফতার সিফাত ওরফে জিয়াউল হাসান ২৪নং ওয়ার্ড বন্দরের নবীগঞ্জ উইলসন রোডের রিপন মিয়া ওরফে আসলাম সরদারের ছেলে। এ ব্যাপারে চাকরি প্রার্থী মনির হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন।
মনির হোসেন জানান, প্রায় ৬ মাস আগে সিফাতের সঙ্গে তিনিসহ কয়েকজন চাকরি প্রার্থীর পরিচয় হয়। সিফাত নিজেকে এসিআই কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গত বছরের ১০ জুলাই তাদের ১৫ জন চাকরি প্রার্থীর কাছ থেকে ২০ লাখ ৫০ হাজার টাকা নেয়। এরপর ১৫ জনকে এসিআইর নাম লোগো ও সিলযুক্ত চাকরির নিয়োগপত্র প্রদান করে। এ নিয়োগপত্র নিয়ে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে গিয়ে জানতে পারেন সেগুলো ভুয়া। বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সিফাতকে গ্রেফতার করা হয়েছে। সে প্রতারকচক্রের সদস্য।








