পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাটাজোড় আলিম মাদরাসার সুপারসহ দুই শিক্ষকের এমপিও বাতিল করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে তাদের ইনডেক্স নম্বর কর্তন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাটাজোড় আলিম মাদরাসার অধ্যক্ষ নাজমুস সাকিব। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে ৩০ জুন ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত দুই শিক্ষক হলেন, প্রতিষ্ঠানের এবতেদায়ী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান এবং এবতেদায়ী শিক্ষক মো. মাসুম বিল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সরবরাহকৃত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট দুই শিক্ষকের নিবন্ধন সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী গঠিত এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে তাদের এমপিও বাতিল এবং ইনডেক্স নম্বর কর্তন করা হয়েছে।

অভিযুক্তদের উত্তোলিত বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত জমা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে প্রয়োজনীয় প্রমাণসহ মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যক্ষ নাজমুস সাকিব বলেন, দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মো. তরিকুল ইসলাম/এএইচ/জেআইএম