কিশোরগঞ্জের কুলিয়ারচরে একদল দুর্বৃত্তের অতর্কিত হামলায় জুয়েল মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশাচালক কুদ্দুস মিয়ার ছেলে।প্রাথমিক ভাবে জানা যায়, শুক্রবার বিকেলে বন্ধুর একটি ডিমবাহী ভ্যানে চড়ে আগরপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন জুয়েল। বড়চারা বাজারের পাশে পৌঁছালে একদল দুর্বৃত্ত ভ্যানটি থামিয়ে জুয়েলকে জোর করে নামিয়ে রাস্তায় প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় জুয়েল গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এলাকাবাসী ও নিহতের পরিবারের দাবি, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কিছু যুবকের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। জুয়েল ওই বিরোধের সঙ্গে জড়িত ছিলেন না। সম্পূর্ণ নির্দোষ হয়েও তিনি ওই পরিস্থিতির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। জুয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। \