বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন মোহাম্মদ সেলিম উদ্দিন। তারা দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আমজাদ হোসেন প্রার্থী হলেও ঋণখেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন পরিচালনা বোর্ড। এছাড়া সহভাপতি নির্বাচিত হয়েছেন মো. নুর উদ্দিন ও গাজী মোকাররম আলী চৌধুরী। বাকি সাত নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন-মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এসএম নুরুন্নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদী, হোসাইনুল আরেফিন ও একেএম সাইফুল্লাহ সাইদ।

নির্বাচন শেষে শনিবার বিকালে ভোটের ফলাফল ঘোষণা করেন বিএসবিআরএ নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। নগরীর র‌্যাডিসন ব্লুতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। সংগঠনের ৮৪ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, শিপ ব্রেকিং শিল্পের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নীতিগত সহায়তা দরকার। আমাদের পক্ষ থেকেও সরকারের কাছে প্রয়োজনীয় দাবি তুলে ধরা হবে।

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্বতঃস্ফূর্ত আনন্দঘন পরিবেশে আমরা ভোটাধিকার প্রয়োগ করেছি।