বিজয়নগর থেকে মাছের ড্রামে করে পাচারের চেষ্টা করা অর্ধকোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার সকালে বিজয়নগরের ইসলামপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব শাড়ি উদ্ধার করে। বিকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে সিলেট থেকে আসা কুমিল্লাগামী একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের মালামাল রাখার বক্সের ভেতরে মাছের ড্রামের উপরে বরফ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ৪২২ পিস শাড়ি উদ্ধার করা হয়।








