বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে ২ কোটি ৩৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ব্যাংকের এক কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগ এনে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

ভুক্তভোগী মিজানুর রহমান জানান, তিনি স্থায়ীভাবে বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামে বসবাস করেন। গত ১৫ জুন তার গ্রামের ঠিকানায় আদালতের গ্রেফতারি পরোয়ানার খবর পেয়ে তিনি বিস্মিত হন। পরে আদালত থেকে মামলার নথি সংগ্রহ করে জানতে পারেন, তার নামে ঢাকার ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির কারওয়ান বাজার শাখার ফার্মগেট সাব-শাখায় ২০২৫ সালের ২ নভেম্বর একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে।

মিজানুর রহমানের অভিযোগ, তার জাতীয় পরিচয়পত্রের তথ্য, স্বাক্ষর ও ছবি অপব্যবহার করে ভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে হিসাবটি খোলা হয়েছে। এ ঘটনায় তিনি ডাচ্-বাংলা ব্যাংকের কারওয়ান বাজার শাখার এক কর্মকর্তা সঞ্জিত সাহা, বিজয়নগরের বুধন্তী গ্রামের শামীম ভূঁইয়া এবং ঢাকার আনিছুর রহমানের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ করেন।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শামীম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ডাচ্-বাংলা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।