২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরকে নাটকীয়ভাবে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে আর্জেন্টিনা। তবে দেশটির রাজধানী বুয়েনস আয়ারসে সেই আনন্দ উদ্‌যাপন একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

ম্যাচ শেষে হাজারো সমর্থক বুয়েনস আইরেসের ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে জড়ো হয়ে বিজয় উদ্‌যাপন করেন। অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

তবে উদ্‌যাপনের একপর্যায়ে একদল ব্যক্তি পুলিশের দিকে বোতল ও পাথর ছুড়ে মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ অভিযান চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে।

পুলিশ জানিয়েছে, হামলা, কর্তব্যে বাধা দেওয়া, ভাঙচুর ও আহত করার অভিযোগে অন্তত নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ওবেলিস্ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষ শুরুর আগে ওই এলাকায় ছিনতাইয়ের কয়েকটি অভিযোগও পেয়েছিল পুলিশ। কী কারণে পরিস্থিতি সহিংস হয়ে উঠল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত অনেকেই অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন।

এদিকে, বুয়েনস আয়ারাস প্রদেশের কানুয়েলাস শহরে উদ্‌যাপনের সময় মারামারিতে ৪৬ বছর বয়সী ফ্রাঙ্কো দে পাওলি নিহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি দুই পক্ষের সংঘর্ষ থামানোর চেষ্টা করলে মাথায় আঘাত পান।

এ ঘটনায় ২০ বছর বয়সী ইভান নাহুয়েল লেবরেরোকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত চলছে।

অন্যদিকে, সহিংসতার ঘটনায় তাৎক্ষণিক কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া না এলেও দেশের রাজনৈতিক নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।

সূত্র: বুয়েনস আয়ারস টাইমস

এমএসএম