সীমান্তে বিএসএফের গুলির ভয়কে উপেক্ষা করে প্রথমে বাংলাদেশ সীমান্ত এরপর ভারতীয় সীমান্তের কাঁটাতার টপকে ভারতে গিয়েছিলেন দুই বাংলাদেশি। তাদের উদ্দেশ্য ছিল ভারত থেকে বাংলাদেশে গরু আনা। কিন্তু গরু নিয়ে বাংলাদেশে যাওয়ার আগেই ভারতে আটক করা হয়েছে তাদের।

আটক দুই বাংলাদেশির নাম রুবেল শেখ (২৭) এবং তমাস শেখ (২৭)। তারা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। 

পুলিশ সূত্র জানিয়েছে, এই দুই গরু পাচারকারী বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় সক্রিয় ছিল। মঙ্গলবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভারতীয় সীমান্তের অন্তত এক কিলোমিটার ভেতরে খেজুরতলা-লালখানদিয়া নামক সীমান্তবর্তী এলাকায় ফাঁদ পাতে মুর্শিদাবাদ জেলা পুলিশ। সেই ফাঁদে পা দিয়েই গরু আনতে আসে দুই পাচারকারী। গরু নিয়ে ফেরার পথে সীমান্তের কাছেই গ্রেপ্তার করা হয় দুজনকে। 

পুলিশ জানিয়েছে, আটককৃতরা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে কীভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করতো সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।