গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে লোকসানে নিমজ্জিত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার এক শ্রেণির বিনিয়োগকারীর পছন্দের শীর্ষে চলে আসায় সপ্তাহজুড়ে দাম বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটি।
শেয়ারের দাম হু হু করে বাড়লেও কোম্পানিটি লোকসানে নিমজ্জিত। লোকসানে নিমজ্জিত হওয়ায় ২০১৮ সালের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির ঠিকানা হয়েছে পচা জেড গ্রুপে।
এমন কোম্পানির শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ২৭ দশমিক ৩২ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২১০ টাকা ২০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪২ কোটি ৪ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৯৭৯ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৭৬৯ টাকা ৪০ পয়সা।
আরও পড়ুন
বাজার মূলধন বাড়লো আরও ৭ হাজার কোটি টাকা
কোম্পানিটির শেয়ারের এই দাম বাড়ার প্রবণতা চলছে গত ১ জুনের পর থেকেই। গত ১ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৫০১ টাকা। অর্থাৎ দেড় মাসের ব্যবধানে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৪৭৮ টাকা ৬০ পয়সা বা ৯৫ দশমিক ৫৩ শতাংশ।
অন্যভাবে বলা যায়, যদি কোনো বিনিয়োগকারী গত ৬ জুন কোম্পানিটির ১০ লাখ টাকার শেয়ার কেনেন, তাহলে এখন তার বাজার মূল্য ১৯ লাখ ৫৫ হাজার ২৮৯ টাকা। এ হিসাবে ১০ লাখ টাকা খাটিয়ে দেড় মাসেই মুনাফা পাওয়া গেছে ৯ লাখ ৫৫ হাজার টাকার বেশি।
শেয়ার দাম এমনভাবে বাড়া কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসের ব্যবসায় শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ১৪ পয়সা। অবশ্য শুধু সর্বশেষ আর্থিক প্রতিবেদনে নয়, কোম্পানি অনেক আগে থেকেই লোকসানে নিমজ্জিত। ফলে ২০১৮ সালের পর কোনো লভ্যাংশ দেয়নি। তার আগে ২০১৮, ২০১৭, ২০১৬ ও ২০১৫ সালে সালে ১২ শতাংশ করে লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন
টানা ৪ কার্যদিবস ঊর্ধ্বমুখী থেকে শেয়ারবাজারে ঢালাও দরপতন
১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ২ কোটি টাকা। আর শেয়ার সংখ্যা ২০ লাখ। এর মধ্যে ৫১ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৫০ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৫০ শতাংশ শেয়ার আছে।
রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরেই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল শেফার্ড ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৯ দশমিক ৫৫ শতাংশ। ১৯ দশমিক ১২ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে গোল্ডেন জুবেলি মিউচুয়াল ফান্ড।
এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১৯ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৮ দশমিক ৮৭ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৬ দশমিক ৬৭ শতাংশ, এসিআই ফর্মুলেশনের ১৪ দশমিক ৮৫ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ১৪ দশমিক ৬৭ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের ১৪ দশমিক ২৯ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ১৩ দশমিক ৫৮ শতাংশ দাম বেড়েছে।
এমএএস/ইএ







